পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর) :
দিনাজপুরের পার্বতীপুরে বাবলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রাজু ইসলামকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
আজ বিকেলের দিকে উপজেলার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় বাবলী আক্তারকে তার স্বামী রাজু ইসলাম ও শাশুড়ি আয়েশা আক্তার ভ্যানে করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ  নিয়ে আসেন। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় স্থানীয়রা তার স্বামী রাজু ইসলামকে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যান। পরবর্তীতে নিহতের স্বজনরা বাবলী আক্তারের মরদেহ থানায় নিয়ে আসেন।এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী
জানান, অভিযোগ পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু ইসলামকে আটক করা হয়েছে।