পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,পার্বতীপুর (দিনাজপুর) :
দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিদ্যুতের পোল থেকে তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় কয়েকজনের ধারণা, এ ঘটনায় সাইদুর রহমান একা ছিলেন না  তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।