
প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড় ভাঙ্গুড়া ঘাট হতে অষ্টমনিষা রুপসি এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ সকাল ১০টায় পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। ধ্বংস জালের মূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।উপজেলা মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
