
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সেরেন্দাসপুর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে একই গ্রামের সজিবের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সজিব ও তার পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগও করেছেন ওই কিশোরীর বাবা মো. নাসির উদ্দিন প্রাং। তিনি ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ধরাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত সজিবের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কিশোরীর বাবার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত সজিব বিভিন্ন সময়ে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের কথা বলা হলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হলে ২৫-০৫-২০২৬ ইং তারিখে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর ভবিষ্যতে বিয়ের বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা করা হয় বলে দাবি করেছেন কিশোরীর বাবা। তবে পরবর্তীতে অভিযুক্ত সজিব ও তার পরিবারের সদস্যরা ওই অঙ্গীকারের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত সজিব ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে দুর্ব্যবহার এবং হুমকির শিকার হয়েছেন বলেও দাবি করেন অভিযোগকারী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।
কিশোরীর বাবা মো. নাসির উদ্দিন প্রাং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সজিব ও তার বাবা আজিজের এবং পরিবারের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সলংগা থানা পুলিশের এস আই মাহফিজুর রহমান জানান অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে তাদের বাড়িতে গেলে তাদের সাক্ষাৎ পায়নি, এব্যাপারে তাদের স্বজনদের নিকট রায়গঞ্জ সার্কেল এসপির নিকট আজ সকাল ১০ টার সময় হাজির হতে বলে আসি। কিন্তু এখন পর্যন্ত তারা কেউ থানায় বা রায়গঞ্জ সার্কেল এসপি স্যারের নিকট তারা হাজির হয়নি।
