দুই পা ছাড়া জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌসের পাশে উল্লাপাড়া উপজেলা প্রশাসন

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক:

দুই পা ছাড়া জন্ম নেওয়া জীবনসংগ্রামী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন। তার শিক্ষা অব্যাহত রাখা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাকে স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই মেশিনও উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জান্নাতুল ফেরদৌসের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় তিনি জান্নাতুলের শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা কখনোই একজন মানুষের স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। জান্নাতুলের সাহস, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তি সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণা।”

সহায়তা পেয়ে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ এবং সেলাই মেশিন পাওয়ায় জান্নাতুলের লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের আয় করার পথও তৈরি হলো।

উল্লেখ্য, সম্প্রতি জান্নাতুল ফেরদৌসের জীবনসংগ্রাম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে মানুষের নজরে আসে। এরপর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি উল্লাপাড়া উপজেলা প্রশাসনও তার পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

  • অসহায়
  • উপজেলা প্রশাসন
  • উল্লাপাড়া
  • প্রতিবন্ধী
  • সহযোগীতা