
প্রতিনিধি,বাঘা (রাজশাহী) :
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে রাজশাহীর বাঘায় শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬। এ উপলক্ষে জনসচেতনতা তৈরিতে মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রচারযানে টানানো ব্যানারে জানানো হয়েছে,৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এ সময়ে জেলেদের নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ ক্রয়-বিক্রয় না করার জন্যও সচেতন করা হচ্ছে। বিশেষ করে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদী ও বাজার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।
ব্যানারে আরও সতর্ক করা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। তাই নিষেধাজ্ঞার ২২ দিন সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
