ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল এন্টারচেঞ্জ 

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,সলঙ্গা :
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রায় ৭৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এটি যান চলাচলের জন্য খুলে দেয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দেশের দ্বিতীয় ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এ ইন্টারচেঞ্জ নির্মাণে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন ২০২২ সালে কাজ শুরু করে।ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।ইতোমধ্যে বালি ভরাট, বাউন্ডারি ওয়াল,এসএমবিডি ব্রিজ ও সার্ভিস এরিয়ার কাজের পাশাপাশি ৬টি সার্ভিস লেন চালু করা হয়েছে।নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিন-রাত দুই শিফটে নির্মাণ কাজ চলছে।প্রকল্পে জিপিএস ও বিল্ডিং ইনফরমেশন সফটওয়্যারসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।সাসেক-২ প্রকল্পের পরিচালক ওয়ালিউর রহমান জানান, ২৪ ঘণ্টায় দুই শিফটে কাজ চলছে। আশা করা হচ্ছে,ডিসেম্বরের মধ্যে ইন্টারচেঞ্জের মূল স্ট্রাকচারের কাজ শেষ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন,ইন্টারচেঞ্জটি চালু হলে উত্তর,দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২২ জেলার মধ্যে নিরাপদ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।একই সঙ্গে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা ও যাত্রীদের দুর্ভোগ কমবে।যমুনা সেতুর সক্ষমতারও আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান,প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে।আগামী ১-২ মাসের মধ্যে কাজ শেষ করার আশা রয়েছে এবং ডিসেম্বরেই ইন্টারচেঞ্জটি খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।