
প্রতিনিধি,ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটি থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে নলছিটি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিমিরকাঠি গ্রামের মৃত রুস্তম আলী খন্দকারের ছেলে, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সুমন খন্দকার ওরফে সোহেল (৪৫) এবং গোদণ্ডা গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে ও সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান নাইম (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশ গত ২৭ মে রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
মামলার নথি ও পুলিশ প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া শূন্য পয়েন্ট ও দপদপিয়া সেতুর দক্ষিণ পাড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ঝটিকা মিছিল বের করে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায়। উক্ত ঘটনার তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে আটকে রাখার আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
