কুড়িগ্রামের উলিপুরে মো. জুবায়ের জিয়াদী নামে এক সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টা, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগকারী মো. জুবায়ের জিয়াদী (২৫) স্টার নিউজ টেলিভিশনের কুড়িগ্রাম সংবাদদাতা। তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে পূর্বে সংবাদ প্রকাশের জেরে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে জুলাইযোদ্ধাদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুপুরের দিকে অভিযুক্তরা তাকে অডিটোরিয়ামের ভেতর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে মিথ্যা রিপোর্ট করার অভিযোগ তুলে কয়েকজন মারধর শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, এ সময় তার মাথা ও পিঠে ঘুষি মারা হয়। পরে তার কাছে থাকা DSLR-250D ক্যামেরা, যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কয়েকজন তাকে পানির লাইনের প্লাস্টিকের পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে রক্ষার জন্য কয়েকজন এগিয়ে আসেন। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় এবং কয়েকজন লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে পাঠান।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখমের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও সাক্ষীদের তথ্যও উল্লেখ করেছেন তিনি।
এ ঘটনায় অভিযোগকারী সাংবাদিক মো. জুবায়ের জিয়াদী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
