মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় সাফল্য, শ্রেষ্ঠ ইউনিয়ন সলপ

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ১ ঘন্টা আগে

পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে সলপ ইউনিয়ন পরিষদ।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শারমিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় সলপ ইউনিয়ন পরিষদকে উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচন করা হয়েছে।

সম্মাননা গ্রহণ শেষে সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করেছি। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই ছিল আমার মূল লক্ষ্য। ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই সলপ ইউনিয়ন উপজেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে।”

তিনি এ অর্জনের কৃতিত্ব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সহযোগিতার প্রতি উৎসর্গ করেন এবং ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।