ভাঙ্গুড়ায় বিদ্যুৎ বিভাগের কাজে বাধা : শ্রমিককে মারধরের অভিযোগ

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা)
পবিস-১ এর পাবনার ” ভাঙ্গুড়া জোনাল অফিস”‘র অষ্টমনিষা অভিযোগ কেন্দ্রের হরিহরপুর গ্রামে রাইট অব ওয়ে (Right of Way) কার্যক্রমের অংশ হিসেবে গাছপালা কাটা ও ছাঁটাইয়ের কাজ চলাকালে সরকারি কাজে বাধা প্রদান এবং শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, কাজ চলাকালে ওই তিন ব্যক্তি বাধা প্রদান করেন এবং দায়িত্ব পালনরত এক শ্রমিককে বেধড়ক মারধর করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পবিস-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।অভিযুক্তরা এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তিনটি মিটার, সার্ভিস ড্রপ তার খুলে নিয়ে অফিস হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সরকারি কাজে বাধা প্রদান ও শ্রমিকদের মারধরের অভিযোগে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের হয়েছে।