
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বিদ্যালয়ে যান। এ সময় পঞ্চম শ্রেণিতে বাংলা, চতুর্থ শ্রেণিতে ইংরেজি এবং তৃতীয় শ্রেণিতে বাংলা পাঠদান চলছিল।
পরিদর্শনের শুরুতে ইউএনও পঞ্চম শ্রেণির পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে পর্যায়ক্রমে চতুর্থ ও তৃতীয় শ্রেণির পাঠদানও পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে তাদের দ্রুত অগ্রগতির বিষয়ে শিক্ষকদের পরামর্শ দেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে পেন্সিল বক্স উপহার দেন ইউএনও। আকস্মিক পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে ইউএনও শিক্ষক ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষক সংকটের বিষয়টি ইউএনওকে অবহিত করেন। তিনি জানান, ৩৪৯ শিক্ষার্থীর বিদ্যালয়টিতে বর্তমানে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে শিক্ষার্থীর অনুপাতে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শামিমা নাসরিন ইউএনওর দেওয়া দিকনির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
