টাকা ফেরত চাইতেই হত্যা, ছয় আসামির যাবজ্জীবন

প্রতিনিধি,সিরাজগঞ্জ:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পাওনা ২ লাখ ২০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কৃষক ছানোয়ার হোসেনকে হত্যার ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চরবেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হীরা মানিক, আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চরগোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, রায় ঘোষণার সময় ছয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্ধুত্বের সম্পর্কের কারণে কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন প্রতিবেশী হীরা মানিক। তবে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় ছানোয়ার বারবার তার পাওনা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক ফোন করে ছানোয়ারকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। চার দিন পর, ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগপত্রভুক্ত ছয় আসামির বিরুদ্ধেই হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।