এমবাপ্পের প্রেমের গুঞ্জনে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো, কী জানা যাচ্ছে?

প্রকাশ: ২ মাস আগে
এমবাপ্পে ও এস্টার। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে আছে গোটা বিশ্ব, তখন মাঠের বাইরেও আলোচনায় ফুটবলারদের ব্যক্তিগত জীবন। সেই আলোচনার কেন্দ্রেই রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি তার সঙ্গে প্রেমের গুঞ্জনে নতুন করে শিরোনামে উঠে এসেছেন স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো।

যদিও এমবাপ্পে কিংবা এস্টার—কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে জল্পনা আরও বেড়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম এস্টার এক্সপোসিতোর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ এলিট–এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

এক সাক্ষাৎকারে এস্টার বলেছিলেন, এলিট আমার জীবন পুরো বদলে দিয়েছে। এর আগে সিনেমা ও টেলিভিশনে কাজ করলেও এই সিরিজের পর বিশ্বের নানা প্রান্তের মানুষ আমাকে চিনতে শুরু করে।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখেরও বেশি। সেখানে নিয়মিত সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তার দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইনস্টাগ্রাম আমার জীবনের খুব ছোট একটি অংশ। সুযোগ পেলেই ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি।’

এমবাপ্পে ও এস্টারের সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিলে, যখন তাদের প্যারিসের একটি রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায়। পরে বিশ্বকাপ শুরুর আগে স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ ইবিজাতেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার কোনো মন্তব্য করতে চাননি। সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।’

এখন পর্যন্ত এমবাপ্পে বা এস্টারের পক্ষ থেকে সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে। তবে বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও এই জুটিকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

  • এমবাপ্পে
  • ফুটবল বিশ্বকাপ
  • স্প্যানিশ অভিনেত্রী এস্টার