ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত “তাৎক্ষণিক অভিনয়” প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে সে প্রথম স্থান অর্জন করেছে এবং এর মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।
অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় মোহসিনা মাহজাবিন নিরা। তার এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
মোহসিনা মাহজাবিন নিরা কাঁঠালিয়া উপজেলার ৬৯ নং পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন খলিফা নিউটন এবং ৪৩ নং পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পী দম্পতির দ্বিতীয় সন্তান।
শিক্ষকমাতা-পিতার অনুপ্রেরণা ও পারিবারিক শিক্ষাবান্ধব পরিবেশ তার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও নিরা তার প্রতিভার স্বাক্ষর রেখে কাঁঠালিয়াসহ ঝালকাঠি জেলার সুনাম আরও বৃদ্ধি করবে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
