দেশের বাজারে সোনার দাম ফের ঊর্ধ্বমুখী, ভরিতে বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা

প্রকাশ: ৫ মাস আগে
সংগৃহীত ছবি

স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে মূল্যবান এই ধাতুর দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একদিন আগেও এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকায় উন্নীত হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার জন্য এখন থেকে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৬ হাজার ৮৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও এই ধাতুর দাম বর্তমানে বেশ চড়া। স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি (Goldprice.org) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৫ হাজার ২৭৮ ডলারে অবস্থান করছে। এর আগে ৩০ জানুয়ারি এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশের বাজারেও সোনার দাম একলাফে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। গত ২৯ জানুয়ারি এক দিনেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যের রেকর্ড। দেশের ইতিহাসে এর আগে কখনো একধাপে সোনার দাম এতটা বাড়ানো হয়নি। মূলত বৈশ্বিক অস্থিতিশীলতা ও স্থানীয় বাজারে খাঁটি সোনার সংকটকেই এই দফায় দফায় দাম বৃদ্ধির কারণ।

  • সোনার দাম