বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, দেশের মানুষের জন্য প্রয়োজন এমন গবেষণা করুন। যাতে গবেষণা সমূহ রোগীদের কল্যাণে কাজে লাগে। গবেষণাসমূহ যাতে রোগ প্রতিরোধ ও নিরাময়ে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গবেষণার মাধ্যমে যাতে কোনো বিষয়ের প্রকৃত অবস্থা জানা যায়, কারণসমূহ খুঁজে বের করা যায় এবং প্রতিকারের উপায় সমূহ চিহ্নিত করা যায়।
তিনি আরো বলেন, গবেষণা হতে হবে আন্তর্জাতিকমানের এবং গবেষণাসমূহ আন্তর্জাতিকমানের জার্নালে প্রকাশ করার উপর আরো জোর দিতে হবে। বিভিন্ন গবেষণাসমূহ অনুবাদ করে সেখান থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর জন্য রোগীদের কল্যাণে ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রয়োগ করা যেতে পারে।
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে থিসিস, গবেষণাপত্র ও ম্যানুস্ক্রিপ্ট লেখা, হিনারি ব্যবহার করে জার্নাল ও আর্টিক্যাল খুঁজে বের করা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৭ জানুযারি) বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে “(হ্যান্ডস অন ট্রেনিং অন ইউজিং হিনারি ফর জার্নাল, আর্টিক্যাল সার্চিং ফর প্রটোকল, থিসিস এন্ড ম্যানুস্ক্রিপ্ট রাইটিং)” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচীতে বিএমইউর ৭০০ ফেইজ বি রেসিডেন্ট ছাত্রছাত্রী-চিকিৎসক অংশগ্রহণ করেন।
অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, নিজেকে আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক হিসেবে তৈরি করতে হবে এবং এক্ষেত্রে বিএমইউ’র প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, ডিজিটালাইজেশনের যুগে এনালগ থাকার সুযোগ নাই। উন্নতমানের থিসিস, গবেষণাপত্র লেখার জন্য হাতে কলমে প্রশিক্ষণের বিকল্প নাই। সেই বিবেচনায় রেসিডেন্ট ছাত্রছাত্রীদের জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মসূচী। আজকের রেসিডেন্টরাই নিজেকে দক্ষ ও যোগ্য এবং বিশ্বমানের চিকিৎসক ও গবেষক হিসেবে তৈরির মাধ্যমে আগামীদিনে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সঠিক নেতৃত্ব দেবেন সেটাই প্রত্যাশিত।
গুরুত্বপূর্ণ ওই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রন্থাগারিক ও এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় বিএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, অতিরিক্ত গ্রন্থাগারিক সুফিয়া বেগম, উপ-গ্রন্থাগারিক সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাহিদুজ্জামান সাজ্জাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
