রোনালদো নাকি মদ্রিচ—কাদের হাসি ফুটবে শেষ ষোলোর মহারণে?
প্রকাশ: ১ সপ্তাহ আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই নয়, দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও হয়ে যেতে পারে।
গ্রুপ পর্বে পর্তুগাল এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে ক্রোয়েশিয়া দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
ফিফা র্যাঙ্কিং ও অতীত পরিসংখ্যান—দুই দিক থেকেই এগিয়ে পর্তুগাল। বর্তমানে পর্তুগালের অবস্থান ৮ নম্বরে, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও স্পষ্ট পর্তুগালের আধিপত্য। এখন পর্যন্ত ১০ ম্যাচে পর্তুগাল জিতেছে ৭টিতে, ক্রোয়েশিয়ার জয় মাত্র একটি, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটারও পর্তুগালকে এগিয়ে রাখছে। তাদের হিসাবে, ম্যাচ জয়ের সম্ভাবনা পর্তুগালের ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯.৬ শতাংশ।
তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান অনেক সময় গুরুত্ব হারায়। তাই রোনালদো-মদ্রিচের অভিজ্ঞতা, দুই দলের কৌশল এবং বড় ম্যাচের চাপ—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি রোমাঞ্চকর লড়াই।