শিক্ষকদের আগের সম্মান ফিরিয়ে আনতে হবে-বিশ্ব শিক্ষক দিবসে ইউএনও

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম শিক্ষকদের দায়িত্ব, কর্মদক্ষতা ও পেশাগত আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকদের ব্যক্তিত্ব, কর্মবিচক্ষণতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাজে শিক্ষকদের আগের মতো সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে।

তিনি শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষক সমাজকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ইউএনও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্কাউটসের সভাপতি আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।