সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের কৃতি শিক্ষার্থী নুসাইবা হক এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৮ নম্বর পেয়ে তাড়াশ উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্বও দেখিয়েছে সে।
নুসাইবা তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার অসাধারণ ফলাফলে পরিবার,শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নুসাইবা দৈনিক কালবেলার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল হক নয়ন ও শিক্ষিকা জোবাইদা পারভীনের মেয়ে। বাবা-মা জানান, ছোটবেলা থেকেই নুসাইবা পড়াশোনায় মনোযোগী। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তার এই সাফল্য।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,নুসাইবা অত্যন্ত মেধাবী ছাত্রী। উপজেলার তথ্য অনুযায়ী সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার এই সাফল্যে আমরা গর্বিত।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় নুসাইবা। তার এই সাফল্য এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
