মাদক,জুয়া,ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মো. সাফায়েত হোসেন।
আজ সোমবার (১০ আগস্ট) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, মামলা তদন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বসহ সার্বিক কর্মদক্ষতা বিবেচনায় এসআই সাফায়েত হোসেনকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কামরুল হাসান।
এসআই শাফায়েত হোসেন কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মাদক, জুয়া, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেও তার সক্রিয় ভূমিকা রয়েছে।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসআই সাফায়েত হোসেনের এসব কর্মদক্ষতা, সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মাননা প্রদান করেন। তার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে তাকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার হাতে পাওয়ার পর এসআই শাফায়েত হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা জুয়া, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। আগামীতে যে কোন অপরাধের সঙ্গে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। তিনি বলেন- কোতোয়ালী মডেল থানার থানার মেধাবী ও দক্ষ অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম স্যারের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় থানার সকল পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কোতোয়ালি থানাধীন জনসাধারণের সহযোগিতায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়।
অপরাধ দমনে পুলিশের এমন সক্রিয় ও পেশাদার ভূমিকা ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
