চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় আন্তরিক উল্লাপাড়ার ইউএনও রায়হানুল ইসলাম

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। ইউএনও কার্যালয়ের নিয়মিত দায়িত্বের পাশাপাশি তিনি উপজেলা পরিষদের প্রশাসক, উল্লাপাড়া পৌরসভার প্রশাসক এবং উপজেলা ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে উপজেলার দেড় শতাধিক বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।

প্রায় চার মাস আগে উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোহাম্মদ রায়হানুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

বর্তমানে উপজেলার প্রশাসনিক কার্যক্রমের একটি বড় অংশই তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বও তাঁকে সামলাতে হচ্ছে। এসব দায়িত্বের সঙ্গে ইউএনও কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করায় কর্মব্যস্ত সময় পার করছেন তিনি।

জানা গেছে, চার দপ্তরের দায়িত্বের বাইরেও উপজেলার দেড় শতাধিক বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন ইউএনও। প্রশাসনিক সভা, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জনসাধারণের নানা সমস্যা সমাধানে তাঁকে নিয়মিত কাজ করতে হয়।

সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিদিন বিভিন্ন কাজ নিয়ে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ সেবা নিতে আসছেন। দাফতরিক নানা ব্যস্ততার মধ্যেও সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করছেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে আসা উধুনিয়া ইউনিয়নের বয়োবৃদ্ধা জামেলা খাতুন বলেন, “একটি কাজ নিয়ে ইউএনও অফিসে এসেছিলাম। এখানে এসে কোনো হয়রানির শিকার হইনি। আমাদের মতো সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনা হয় এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এত বড় দায়িত্বে থেকেও ইউএনও স্যার মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহার করেন।”

ইউএনওর সঙ্গে কাজ করা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও তাঁর কর্মতৎপরতা ও আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং দেড় শতাধিক কমিটি ও প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও তিনি নিয়মিত বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজখবর রাখেন। দাফতরিক কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দেন তিনি। অতিরিক্ত কাজের চাপের মধ্যেও তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব ও দায়িত্ব পালনের আন্তরিকতা প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, “সরকারি দায়িত্ব হিসেবে ইউএনও কার্যালয়ের পাশাপাশি উপজেলা পরিষদ, পৌরসভা ও ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। দায়িত্ব বেশি হলেও জনগণের সেবায় কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

তিনি বলেন, “আমি মনে করি, সরকারি কর্মকর্তা হিসেবে মানুষের সমস্যার কথা শোনা এবং তাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। সবার সহযোগিতায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে উল্লাপাড়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”