নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের

প্রতিনিধি,নওগাঁ :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর দয়ালের মোড়ে বেস্ট কেয়ার ল্যাবের সামনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, একটি চার্জারচালিত যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জানা যায়, নিহত ব্যক্তি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক ছিলেন। যারা তাকে চিনতেন, তাদের ভাষ্য অনুযায়ী তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। এমন একজন মানুষের এভাবে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে অটোরিকশা ও চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল, অনিয়ম এবং অসচেতনতার কারণে প্রতিনিয়ত সড়কে ঝরছে তাজা প্রাণ। এসব অনিয়ম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
সবচেয়ে কষ্টের বিষয়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এক অটোচালককে বলতে শুনলাম,এই রাস্তায় মোটরসাইকেল চলার অনুমতি দেওয়া উচিত নয়।দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের আগেই এমন মন্তব্য আমাদের ভাবিয়ে তোলে। প্রয়োজন দোষারোপ নয়, বরং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা।