মানিকগঞ্জের দৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দৌলতপুর সদর সর্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী ও দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।
এতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি দৌলতপুর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
