সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়জুল আরাফাত পলাশ জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিআরডিবি হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. ফয়জুল আরাফাত পলাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে চতুর্থ স্থান অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়ান ফয়জুল আরাফাত পলাশ। পরবর্তীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ের জন্য মনোনীত হন। তার এই অর্জন উপজেলার শিক্ষা অঙ্গনে গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
শিক্ষকতার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষার গুণগত মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিদ্যালয় হওয়া সত্ত্বেও ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী চলতি বছর জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। শিক্ষার্থীদের এ ধরনের সাফল্যের পেছনে শিক্ষক ফয়জুল আরাফাত পলাশের নিবেদিত প্রচেষ্টা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিভাবক ও স্থানীয়রা মনে করেন।
সহকর্মী ও অভিভাবকদের মতে, একজন আদর্শ শিক্ষকের যে নিষ্ঠা, নেতৃত্ব, সৃজনশীলতা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতা থাকা প্রয়োজন, তার অধিকাংশ গুণই মো. ফয়জুল আরাফাত পলাশের মধ্যে রয়েছে। তার এ স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
