প্রতিনিধি,যশোর : যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি সদস্যরা ৩১ টি শাড়ী, ৫০০ গ্রাম জিরা এবং ০১ কেজি ফুচকা আটক করতে সক্ষম হন। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে বিজিবির এমন কঠোর ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
