তাড়াশে একই রাতে ৬গরু চুরি

প্রকাশ: ৫৬ minutes ago

প্রতিনিধি,তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে পৃথক দুটি গ্রাম থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষক ও গৃহস্থদের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী ও কুসুম্বী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,রাতের কোনো একসময় চোরের দল গোয়ালঘরে ঢুকে পেঙ্গুয়ারী গ্রামের কৃষক মন্টু প্রামাণিকের চারটি গরু এবং কুসুম্বী গ্রামের সাজেদুল ইসলামের একটি গাভী ও একটি বাছুর নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। পরে আশপাশের এলাকায় খোজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া ছয়টি গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
একই রাতে কাছাকাছি দুটি গ্রাম থেকে গরু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান,চুরি যাওয়া গরু উদ্ধার ও জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয়দের দাবি,গরু চুরি প্রতিরোধে রাতের টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন।জানা গেছে,গত এক মাসে তাড়াশ উপজেলায় প্রায় ২৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।