নাচোলে অবৈধ মজুদ ১৫ ব্যারেল ডিজেল জব্দ

প্রকাশ: ৩ ঘন্টা আগে

প্রতিনিধি,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদন ছাড়া অবৈধভাবে ডিজেল তেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল রাত ৯টা১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল তেল মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনে ২০ (ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
একই সঙ্গে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল তেল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয় এবং বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন আদালত।