অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

প্রকাশ: ৫ ঘন্টা আগে

দামী আইফোন ছিনিয়ে নিতেই হত্যা, দুই কিশোর আটক; উদ্ধার মোবাইল

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘাটনের দাবি করেছে পুলিশ। প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য, প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করছেন, দামী একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপ্রতিমের সঙ্গে থাকা খোয়া যাওয়া আইফোনটিও উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা ও তদন্তের অগ্রগতি নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে স্থানীয় এক কিশোরকে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও এক কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তা এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।