
নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরি করে বাজার জাত করণের অভিযোগে কারখানার মালিক আবুল বাসার প্রামাণিক ও তার সহযোগি ব্যবসায়ী সবুজ প্রামাণিকে ২লাখ ৫০হাজার টাকার অর্থ ও কারা দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় আদালত উৎপাদিত ৩শ’২০লিটার ভেজাল দুধ,মজুত ভেজাল তৈরীর উপকরণ হিসাবে ২হাজার ৭শ’কেজি জেলি ও ২শ’ সয়াবিন তেল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে,গতকাল সকাল ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে অবস্থিত ভেজাল দুধ তৈরীর কারখানা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) -এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।
অভিযান চলাকালে কৈডাঙ্গা নতুন পাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিক ছেলে ও কারখানার মালিক আবুল বাশার প্রামাণিকের বাড়ির পাশের একটি পুকুর থেকে ১হাজার ২শ’ কেজি জেলি ও একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে তাঁর আপন চাচাতো ভাই সহযোগি ব্যবসায়ী সবুজ প্রামাণিকের বাড়ি থেকে১ হাজার ৫শ’ কেজি জেলি এবং আবুল বাশারের ভেজাল দুধের কারখানা থেকে ২শ’ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়।একই সময়ে কারখানা থেকে উৎপাদিত ৩শ’২০ লিটার নকল দুধ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে জব্দ কৃত ২ হাজার ৭শ’ কেজি জেলি, ২শ’ কেজি সয়াবিন তেল এবং ৩শ’২০ লিটার নকল দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ,সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান,পুলিশ প্রশাসনের সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
