সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পুলিশ ঘটনাস্থলে আসতে বিলম্ব করেছে—এমন অভিযোগে নিহতের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি হেফাজতে নেয়। সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে,তাদের আটকের চেষ্টা চলছে।
