গাইবান্ধায় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশ: ৪ মাস আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার রুমা তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি সোলাইমান মাস্টারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তালাকপ্রাপ্ত ছিলেন এবং বর্তমানে মামুন নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় রুমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

  • শিক্ষিকা