
প্রতিনিধি,বগুড়া :
বগুড়া সদরের শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৪৮ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
আজ সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করছেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। বগুড়া সদরের সব স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বলেন, এতে স্কুলে যাতায়াতের খরচ কমবে। অনেক সময় গ্রামের সড়কে ভ্যান-রিকশা না পাওয়ায় হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এখন বাইসাইকেল পাওয়ায় তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ওসি ইব্রাহিম আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
