
প্রতিনিধি,চারঘাট (রাজশাহী) :
রাজশাহীর চারঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি পূজা কমিটি ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।সভায় বক্তারা বলেন, চারঘাটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, অগ্নিনিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুন নূর, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিলাষ সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের সভাপতি ব্রজহরি দাস, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
