কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলে হত্যা, আটক ৩

প্রকাশ: ৭ ঘন্টা আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা এলাকায়, বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শনিবার সকালে স্থানীয় কয়েকজন জঙ্গলে বাঁশ কাটতে গেলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা যায়। পরে তদন্তের ভিত্তিতে তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অপ্রতিমের সঙ্গে থাকা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঘটনাটি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।