কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ২জন গ্রেপ্তার

প্রকাশ: ১৬ ঘন্টা আগে

প্রতিনিধি,কুড়িগ্রাম : ​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”