শিক্ষার মানোন্নয়নে আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি,সলঙ্গা :
প্রকাশ: ১ সপ্তাহ আগে

প্রতিনিধি,সলঙ্গাঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ সকালে মাদ্রাসা হলরুমে ‘অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মো. নুরুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর জামাল উদ্দিন। এছাড়া অভিভাবক সদস্য হাফিজুর রহমান আকন্দ, আব্দুস সালাম সরকার ও মো. নাসির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. মোশাররফ হোসেন, মোঃ ইসমাইল হোসেন,মোঃ আশরাফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষকদের ভূমিকা যথেষ্ট নয়; এর সঙ্গে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য মাদ্রাসায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সমাবেশে মাদ্রাসার শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
সমাবেশে শিক্ষক-অভিভাবক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।