
স্বদেশ বার্তা ডেক্সঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতাদের স্বাগত প্রাতরাশে অংশ নেন। পরে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
প্রধানমন্ত্রীর এবারের সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।
