
নিউজ ডেস্ক:
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।
এর আগে একই পরিবারের দুই সদস্য এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮০ সালের ২৬ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য রাখেন।
জিয়াউর রহমান তাঁর ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেছিলেন। আর খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের প্রতিনিধিত্বের ধারাবাহিকতা তৈরি হয়।
এবার তারেক রহমানের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পেতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘের ৮১তম অধিবেশনের কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। ২২ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন এবং পরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
২৪ সেপ্টেম্বরের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। একই পরিবারের তিন সদস্য—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান—ভিন্ন সময়ে একই বিশ্বমঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।
