
প্রতিনিধি,জয়পুরহাট :
জয়পুরহাটের ক্ষেতলালে ইসলামী পাঠাগারের উদ্যোগে এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্ষেতলাল ইসলামী পাঠাগারের পরিচালক ফারূক্ব বিন আলী আহমাদ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন পাঠাগারের পরিচালকসহ অতিথিরা।
এ সময় বক্তব্য রাখেন ক্ষেতলাল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক নাফিউল হাদী মিঠু, সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আ. হ. ম. মোতাওয়াক্কেল বিল্লাহসহ আমন্ত্রিত অতিথিরা।
পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট, অভিনন্দনপত্র, ইসলামী বই ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জ্ঞানচর্চা ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
