সিরাজগঞ্জ-৩ আসনের প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সিরাজগঞ্জের রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের প্রয়াত ৪ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াত এমপির ছেলে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, মানুষের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, এস এম বাবর আলী খোকন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হাসান, প্রয়াত এমপির কন্যা লুবনা তালুকদার, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহরাহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন জনবান্ধব ও ত্যাগী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, আদর্শ ও জনসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, তাঁর মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ২০২৫ সালের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান তালুকদার। ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় যুক্ত হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একই আসন থেকে আরও তিনবার নির্বাচিত হয়ে মোট চারবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়া দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রয়াত ৪ বারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।