কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস দল। এ সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল হাকিম হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে।
র্যাব জানায়, নুরুল হাকিম চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদকদ্রব্য মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর নুরুল হাকিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
