ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রতিনিধি,ময়মনসিংহ :
প্রকাশ: ৫৪ minutes ago

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ১২টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনেএই সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তাগাছার সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, জুলাই-আগস্টের যুদ্ধকে অন্যদিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হচ্ছে। যারা এটি করছেন, তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, জুলাইয়ের চেতনার ফসল হিসেবে গড়ে ওঠা ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল গঠন করে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। জুলাই কোনো একক দলের নয়, এটি এ দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন।
গত ১৫ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে এসেছে উল্লেখ করে আবু ওয়াহাব আকন্দ বলেন, জুলাইয়ের অভ্যুত্থান হচ্ছে দীর্ঘদিনের সেই আন্দোলন ও গণতান্ত্রিক লড়াইয়ের এক যৌক্তিক ও সফল পরিণতি।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।