
স্বদেশ বার্তা ডেস্কঃ
দলের নেতা-কর্মী এবং সরকারের মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো নেতা-কর্মী কিংবা এমপি-মন্ত্রী অপকর্মে জড়ালে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কঠোর বার্তা দেন বলে সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানিয়েছেন।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সরকার গঠনের পর গত আট মাসে বিভিন্ন ক্ষেত্রে কী কী কাজ হয়েছে, সেসব কাজের অগ্রগতি কতটুকু এবং বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে—এসব বিষয়ে সংসদ সদস্যদের কাছ থেকে তথ্য নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, জনগণের প্রত্যাশা এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কেও জানতে চান তিনি। জনগণের সঙ্গে নিবিড়ভাবে থেকে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য এমপিদের নির্দেশনা দেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রিয়, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার তাগিদ দিয়েছেন।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। ভোট নিয়ে কারচুপির কোনো অভিযোগ যাতে ওঠার সুযোগ না থাকে এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ইস্যু সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
সভায় দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের আচরণ নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন তারেক রহমান। কোনো নেতা-কর্মী, এমপি বা মন্ত্রী অনিয়ম, দুর্নীতি কিংবা অপকর্মে জড়ালে দলীয় পরিচয় বা পদ-পদবি বিবেচনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
সভা শেষে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার বিষয় তুলে ধরেছেন। জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দলের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তারেক রহমান। জনগণের আস্থা ও সন্তুষ্টি ধরে রাখতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিএনপির সংসদীয় দলের এ সভায় সরকারের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ের সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
