সলঙ্গায় থানা ভাঙচুর মামলায় ধুবিল ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল করিম ভোলা গ্রেপ্তার

প্রকাশ: ৬ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সলঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম ভোলা (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরের দিকে সলঙ্গা বাজার এলাকায় দলিল লেখক সমিতিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সলঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আব্দুল করিম ভোলা দীর্ঘদিন ধরে ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি সলঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আছলাম আলী জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সলঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল করিম ভোলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আব্দুল করিম ভোলাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সলঙ্গা ও ধুবিল ইউনিয়নের রাজনৈতিক ও স্থানীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।