তালোড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশ: ১৭ ঘন্টা আগে

প্রতিনিধি,দুপচাঁচিয়া(বগুড়া) :
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি,ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসাবে দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের স্থানীয় ভাবে উদ্বোধন করা হয়েছে। আজ সকালে তালোড়া পৌরসভা হতে ডেঙ্গু প্রতিরোধে এক র‍্যালী বের হয়ে চারমাথা বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের স্থানীয় ভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) তৌহিদুল ইসলাম, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নূর হক আলী, তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী মুকুল, যুবদল নেতা হাসিনূর হাসান শাহ দিপু, আহসান হাবীব, তালোড়া পৌরসভার প্রধান সহকারী আরিফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস দলের সদস্য ও পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীগণ। অভিযান কালে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙ্গিনা ও আশ পাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমিয়ে না রাখা, এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশারী টাঙ্গিয়ে ঘুমানোর আহবান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।