সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি রাস্তা পাকাকরণের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পৌঁছে চরমে। বার বার পাকা করণের দাবি তোলা হলেও এগিয়ে আসেননি কেউ। স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আগরপুর গ্রামের মধ্যদিয়ে প্রায় দুই কিলোমিটার যাতায়াতের সড়কটি স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ী ও কৃষক সহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। অল্প একটু বৃষ্টি হলেই রাস্তাটির অধিকাংশ জায়গায় খিচ-কাঁদা জমে গর্ত হয়ে যায়। ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন পথচারিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা উপজেলা স্থানীয় সরকারের এলজিইডি বিভাগে বার বার রাস্তাটি পাকাকরণের দাবি জানালেও কোনো সাড়া পাননি। আগরপুর উত্তর পাড়া ইয়াকুব আলীর বাড়ি থেকে আদাচাকি বাজার এবং দরগাপাড়া শামীমের বাড়ি থেকে আদাচাকি বাজার হয়ে দক্ষিনপাড়া হাফিজুর মিস্ত্রীর বাড়ি পর্যন্ত রাস্তাটি পাঁকাকরণ করে হাজার হাজার মানুষের যাতায়াত উপযোগী করার দাবি এলাকাবাসীর।
তারা আরো জানান, এলাকার অধিকাংশ মানুষ মৎস্য চাষ,হাঁস মুরগির খামার, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবসা এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত। রাস্তাটি পাকাকরণ হলে সব ব্যবসায়ীদের পণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল গমন,চাকুরীজীবি সহ জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ও কৃষকের মাঠ থেকে ফসল উঠানো সুবিধা হবে।
রাস্তাটি পাকা করণে উল্লাপাড়া -সলঙ্গার জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের নিকট আবেদন করা হলে তিনি অতিদ্রুত পাকাকরণের আশ্বাস দেন। এমপি সাহেবের বিশেষ সহকারি আঃ বারি জানান, রাস্তাটির কোড সহ যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে।
