এমপির গাড়িতে হামলা মামলায় বিএনপি নেতাসহ দুই আসামির রিমান্ড

প্রতিনিধি,সিরাজগঞ্জ:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ভিপি মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তাদের প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের জিআরও সাকাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে, গত ১৫ আগস্ট বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজারে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে আয়োজিত এক সভাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সভা শেষে সংসদ সদস্য আয়নুল হক ঘটনাস্থল ত্যাগ করার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে একটি টিটিসি নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। এটি কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে কয়েকটি এলাকার মধ্যে দাবি রয়েছে। এ বিষয়ে আলোচনা করতেই পৌর বিএনপি ওই সভার আয়োজন করেছিল।

তার ভাষ্য, সভার শুরুতে টিটিসি ধানগড়ায় স্থাপনের দাবিতে স্লোগান দেওয়া হলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সংসদ সদস্য স্থান নির্বাচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে সভা শেষ করেন। বের হওয়ার সময় তার গাড়িতে হামলা চালানো হয়।

এ ঘটনায় ওই রাতেই চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

পুলিশ ১৭ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হলে বৃহস্পতিবার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।