২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: ২ মাস আগে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ শিশু। এদের মধ্যে ৬২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও এর উপসর্গে মারা গেছে ২৩৮ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৯৪ জন।

 

  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হামের