তিন মাস নয়, ছয় মাস পরপর আর্থিক প্রতিবেদন চায় বিএসইসি

প্রকাশ: ১ সপ্তাহ আগে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রতি তিন মাস অন্তর আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে ছয় মাস অন্তর পূর্ণাঙ্গ প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, আমরা তিন মাসের রিপোর্টিং আর চাইব না। আমরা ছয় মাসের ফুল রিপোর্টিং চাই। ভবিষ্যতে আন্তর্জাতিক মান অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা হবে।”

তিনি বলেন, নতুন কমিশনের লক্ষ্য শুধু নিয়ন্ত্রণ নয়, সমস্যার সমাধান করাও। বাজারসংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, কমিশন তাদের সমস্যাগুলো বোঝে এবং সমাধানমুখী (Solution-minded) হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সরকার এখন পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের দিকে এগোতে চায়। নতুন কমিশনের অভিজ্ঞতা ও সক্ষমতার কারণে পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।

  • বিএসইসি